ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াড আয়োজক হলো বাংলাদেশ
আগামী ২০২০ সাল থেকে বিশ্ব রোবট অলিম্পিয়াডে অংশ নিতে পারবে ৬ থেকে ২৫ বছর বয়সী বাংলাদেশের শিক্ষার্থীরা। বাংলাদেশ পর্বের বিজয়ীদের থেকে নির্বাচিত শিক্ষার্থীরা কানাডায় অনুষ্ঠেয় ১৬ তম ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াডে অংশ নেবে।
শুক্রবার (১০ জানুয়ারী) বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন) কার্যালয়ে আয়োজিত ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াড বাংলাদেশ পর্বের উদ্বোধনী অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে এই অলিম্পিয়াডের বাংলাদেশ পর্বের সমন্বয়কারী রেদওয়ান ফেরদৌস জানান , “এশিয়া থেকে বাংলাদেশ ডব্লিউআরও এর ২৫তম সদস্য দেশ এবং বৈশ্বিকভাবে ৮৪তম সহযোগী দেশ হিসেবে এই আয়োজনে যুক্ত হয়েছে। গত ৬ জানুয়ারি তারিখে WRO এর প্রধান কার্যালয় বাংলাদেশকে আয়োজক হিসেবে স্বীকৃতি দেয়। ’’
আগামী বছরগুলোতে বিডিওএসএন WRO এর পক্ষে বাংলাদেশে জাতীয় প্রতিযোগিতা আয়োজন করবে এবং সেখান থেকে চূড়ান্তভাবে বাছাইকৃতদের আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধি করে পাঠানো হবে।
ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াডে (ডব্লিউআরও) বাংলাদেশের সদস্যপদ প্রাপ্তিতে বিডিওএসএনের সাধারন সম্পাদক মুনির হাসান বলেন, “ আগামী চতুর্থ শিল্পবিপ্লব মোকাবেলায় আমাদের একটি প্রশিক্ষিত প্রজন্ম দরকার। মুজিববর্ষের শুরুতে ডব্লিউআরওতে আমাদের সংযুক্তি এ কাজে আরো বেশি সহায়ক হবে। দেশের নবীন শিক্ষার্থীদের রোবট নিয়ে আরো বেশি কাজ করার সুযোগ সৃষ্টি হল।’’
দেশে ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াডের আয়োজন সম্পর্কে বিডিওএসএনের রোবটিক্স এবং আইওটি প্রোগ্রামের সমন্বয়ক মাহেরুল আজম কোরেশী বলেন, “এ বছরের ফেব্রুয়ারীর মাঝামাঝি সময়ে সারা দেশের স্কুল,কলেজ ও বিশ্ববিদ্যালয়ে কর্মশালা শুরু হবে এবং জুলাই এর ২৪ তারিখে ঢাকায় এ অলিম্পিয়াডের জাতীয় পর্ব অনুষ্ঠিত হবে।’’